ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না এবং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
তিনি জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানসংক্রান্ত আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। আলোচনায় মধ্যস্থতা করেছে পাকিস্তান ও কাতার।
গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি ছাড়াও লেবানন পরিস্থিতি, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ অবমুক্তির মতো বিষয়ে আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি দাবি করেন, সামরিক সাফল্যকে স্থায়ী করতে কূটনৈতিক সমর্থন অপরিহার্য, কারণ যুদ্ধক্ষেত্রে অর্জিত অর্জন রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না।
সবশেষে তিনি বলেন, এই ধরনের আলোচনা ও দরকষাকষিও এক ধরনের সংগ্রামের অংশ, তাই সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডকে পরস্পরের বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন।