মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে আরেক মাদক ব্যবসায়ীর বসতঘরে অগ্নিসংযোগ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সোয়াবই ও রাজেন্দ্রপুর গ্রামে দুই চিহ্নিত মাদক কারবারিকে কেন্দ্র করে অপহরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম

2026-06-22T17:26:58+00:00
2026-06-22T17:26:58+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে আরেক মাদক ব্যবসায়ীর বসতঘরে অগ্নিসংযোগ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৬ পিএম 
ছবি ভোরের ডাক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সোয়াবই ও রাজেন্দ্রপুর গ্রামে দুই চিহ্নিত মাদক কারবারিকে কেন্দ্র করে অপহরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

সোমবার (২২ জুন) সকালে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে উত্তেজিত জনতা রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াবই গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সাকিব এবং রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়া একসময় একসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং তারা আলাদা হয়ে যান। সম্প্রতি একটি মাছের দিঘিকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে।

অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে গত শনিবার রাতে গন্ধবপুর এলাকায় সাকিবের মাছের খামারে হামলার ঘটনা ঘটে। মাহফুজ মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল খামারে গিয়ে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে এবং সেখান থেকে সাকিবকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে সাকিব নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার স্বজনরা।

সাকিবের পরিবারের সদস্য ও গ্রামবাসীদের দাবি, অপহরণের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোয়াবই গ্রামে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার রাতে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে সাকিবকে উদ্ধারের দাবিতে সোমবার সকালে রাজেন্দ্রপুর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিপুল সংখ্যক গ্রামবাসী রাজেন্দ্রপুর গ্রামে গিয়ে সাকিবের সন্ধান করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা মাহফুজ মিয়াকে মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে তার বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ও মাধবপুর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোয়াবই গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম ফেসবুক লাইভে এসে বলেন, সাকিবকে অপহরণের ঘটনায় পুরো গ্রামে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধারের জন্যই গ্রামবাসী রাজেন্দ্রপুরে গিয়েছিল। তবে সেখানে গিয়ে কিছু লোক উত্তেজিত হয়ে মাহফুজের বাড়িতে আগুন দেয়।

এদিকে, অপহরণের শিকার সাকিবের পিতা সিরাজুল ইসলাম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে মাহফুজ মিয়া দাবি করেন, সাকিবের নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবার কিছুই জানে না। তিনি বলেন, বিনা কারণে আমার বাড়িতে আগুন দিয়ে ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেব।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মাহফুজ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তদন্ত করা হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অপহরণ ও অগ্নিসংযোগ—উভয় ঘটনাকেই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: