সব অনিশ্চয়তা কাটিয়ে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন লামিন ইয়ামাল। আর সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিলেন গোল করে। তার সঙ্গে জোড়া গোল করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ফলে প্রথম ম্যাচের হতাশা ভুলে আক্রমণাত্মক ফুটবলে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।
রোববার আটলান্টায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লুইস দে লা ফুয়েন্তের দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইউরোপের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা ইয়ামালকে ঘিরে কিছুটা শঙ্কা থাকলেও তিনি শুরুর একাদশে সুযোগ পেয়ে গোল করে দলের হয়ে শুভ সূচনা করেন।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় সৌদি আরব। তবে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান স্প্যানিশ অধিনায়ক।
এর এক মিনিট পরই আবারও গোল করেন ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসা তির্যক ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। পরে দানি ওলমোর ছোঁয়ায় সামনে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওইয়ারসাবাল।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পেয়ে যায়। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও বলটি হাসান আল তামবাকতির গায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী ওই গোলেই ৪-০ ব্যবধান নিশ্চিত করে স্পেন।
ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা স্পেন এবং ৫৯ নম্বরে থাকা সৌদি আরব—দুই দলই ম্যাচটির আগে জয়শূন্য ছিল। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন, আর উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সৌদি আরব।
এর আগে দুই দলের তিনটি দেখাতেই জয় পেয়েছিল স্পেন। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল লা রোহা।