গাজীপুরের পুবাইলে পুরোনো টায়ার থেকে তেল তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ধরে যায়।
শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হতো। শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালপত্র পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।