স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষার লক্ষ্যে দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়—জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলের নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকেই প্রশ্ন করা ভালো। আমরা শুধু বলতে পারি, বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয়। বরং আমরাই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।’
জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।’
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।