প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন ধরনের উসকানিমূলক অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (২০ জুন) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের জন্য একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি অপরিহার্য। সেই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি জানান, সরকারপ্রধান আগামী ২১ জুন দুই দেশ সফরে যাচ্ছেন।
তিনি বলেন, বহু সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতেই সরকার পরিচালিত হচ্ছে। দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে ঘিরে দেশের ভেতরে নেতিবাচক পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, আবার কেউ আমাদের প্রভুও নয়—সবাই বন্ধু। এটি বেগম খালেদা জিয়া ঘোষিত পররাষ্ট্রনীতির অংশ, যা এখনও অনুসরণ করা হচ্ছে।
আইসিটি খাতের উন্নয়ন নিয়ে রিজভী বলেন, প্রস্তাবিত বাজেটে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্বের অন্য কোনো দেশের মডেল অনুসরণ না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক এবং ডা. শাহ জেড মিয়া।