রাজধানীর গুলশান–১ এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হওয়া ‘মশাল মিছিল’ পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আজাদ পার্টি এ কর্মসূচি পালন করে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি এবং ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।
মিছিলটি গুলশান–১ এলাকায় পৌঁছালে ভারতীয় দূতাবাসমুখী সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এ সময় মিছিলকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত অংশগ্রহণকারীদের ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়। পরে তারা সড়কে বসে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে তারা আধিপত্যবাদবিরোধী বক্তব্যও তুলে ধরেন।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।