জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে সংস্কার, বিচার ও স্বাধীন পররাষ্ট্রনীতির দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। তাঁর দাবি, সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে, কিন্তু তা বাস্তবায়ন করা হচ্ছে না।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি ৭৫ শতাংশ মানুষকে অগ্রাহ্য করা হয়, তাহলে এই সরকারের পতনধ্বনি বাজতে সময় লাগবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এনসিপি তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ করছে, সংস্কার, বিচার এবং স্বাধীন পররাষ্ট্রনীতি। তাঁর দাবি, দেশের অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনাই তাদের লক্ষ্য।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা ব্যাংক লুট, শেয়ারবাজার ধ্বংস এবং জনগণের সম্পদ লুট করেছে, তাদের আইনের আওতায় আনতেই এনসিপি কাজ করছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে পুশ-ইনের চেষ্টা চলছে। বাংলাদেশ পরিচয়ে মানুষ পাঠানোর বিষয়েও বক্তব্য এসেছে। তাঁর মতে, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। কিন্তু উন্নয়নের নামে তেমন কিছু হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ মির্জা আব্বাস-এর সুস্থতা কামনা করেন।
পরে তিনি খানজাহান আলী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং জুমার নামাজ আদায় করেন।
শেষে তিনি আগামীকাল খুলনা বিভাগীয় সমাবেশে সংস্কার বাস্তবায়নের দাবিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।