রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মহাখালী টার্মিনালের মূল সড়কে এই ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। সেখান থেকে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে একটি ঝটিকা মিছিল শুরু করেন। তাদের হাতে একটি ব্যানার ও প্ল্যাকার্ড ছিল, যেখানে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি সংক্রান্ত স্লোগান লেখা ছিল। টার্মিনাল এলাকায় মিছিলটি পৌঁছালে মহিলা লীগের কয়েকজন নেত্রীও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকালে তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
এদিকে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।