ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনায় ভারতীয় এয়ারলাইন্স স্পাইসজেটের এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বুধবার (১৭ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৩ জুন, বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে বিলম্বিত এবং পরে বাতিল করা হলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই সময় বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মী (বিমানবালা) ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রীদের উপস্থিতিতেই ওই এয়ারলাইন্স কর্মী উত্তেজিতভাবে কথা বলছেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে স্পাইসজেট কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি প্রথমে কলকাতায় ডাইভার্ট করা হয় এবং পরে সময়সূচি-সংক্রান্ত জটিলতায় সেটি বাতিল করতে হয়। এ কারণে যাত্রীদের ভোগান্তি তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করে।
এয়ারলাইন্সটি আরও জানায়, প্রকাশ্যে ছড়িয়ে পড়া ভিডিওটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।