শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের ছেলে যোশিতা রাজাপাকসাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অপচয় এবং নৌবাহিনীর নিয়োগে অনিয়মের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) সকালে তাকে হেফাজতে নেওয়া হয়।
শ্রীলঙ্কার দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) জিজ্ঞাসাবাদের জন্য যোশিতা রাজাপাকসেকে তলব করেছিল। কমিশনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার উপস্থিত হওয়ার কথা থাকলেও আদালতে মামলার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। পরে বুধবার সকালে কমিশনে উপস্থিত হলে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান নৌবাহিনীতে নিয়োগ এবং সরকারি অর্থায়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে যোশিতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যোগদানের জন্য বিজ্ঞান বা গণিত বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক থাকলেও যোশিতা মানবিক বিভাগে অধ্যয়ন করেছিলেন। তাকে নিয়োগ দেওয়ার সুবিধার্থে পরবর্তীতে নিয়োগের শর্ত ও বিজ্ঞপ্তি পরিবর্তন করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
এছাড়া তার মাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তদন্তকারীদের দাবি, ২০০৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তার যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট নিয়ম পরিবর্তন করা হয়েছিল।
তদন্তে আরও জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বরে তৎকালীন নৌবাহিনী প্রধান ওয়াসান্থা করান্নাগোডা যুক্তরাজ্যের রয়্যাল নেভাল একাডেমিতে যোশিতার ভর্তির বিষয়ে আবেদন করেন। একাডেমি থেকে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ না থাকার কথা জানানো হলেও পরবর্তীতে সরকারি খরচে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সেখানে তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় অর্থায়নে বিশেষ নৌ প্রশিক্ষণ গ্রহণ করেন।
রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং নৌবাহিনীর বিধি লঙ্ঘনের অভিযোগে যোশিতা রাজাপাকসেকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।