চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বিকেলের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে হাইশি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য প্রভাব মূল্যায়নের কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সিইএনসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে উচ্চ পার্বত্য ওই এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূমিকম্পের পর একাধিক মাঝারি মাত্রার আফটারশকও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫।
ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিসিটিভি, রয়টার্স।