চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মহিলা আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূইয়া নিশির নেতৃত্বে একটি মিছিল দেখা যায়। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে ৯–১০ জন নারী অংশ নিতে দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা ফিরে আসবে’ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফাঁসির দাবি সংক্রান্ত স্লোগান দিতে শোনা যায় বলে ভিডিওতে দেখা যায়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত পুরোনো। তিনি বলেন, বানাজা ভূইয়ার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।