মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে।
সোমবার (১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে সেটা।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে গণতন্ত্র চর্চার মানদণ্ড বিনাশ করেছে ফ্যাসিবাদী সরকার। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা না করলেও জনগণের বাকস্বাধীনতা নষ্টের জন্য গণমাধ্যমের উপর ঝাঁপিয়ে পড়ে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সাংবাদিকতার জগত আর ফ্যাসিবাদী সময়ের চেয়ে অনেকটা ভিন্ন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অন্যতম কাজ। গণমাধ্যমের সংস্কারে সরকার অংশীদার হতে চায়।
ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।