বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের (বিসিক) অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।
রবিবার বিকেলে পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে দেশের জিডিপিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়ার সঙ্গে তুলনায় এই অগ্রগতি এখনো সন্তোষজনক নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিসিকের অধীন ৮৪টি শিল্পপার্ক থেকে বর্তমানে প্রায় ৩০ হাজার কোটি টাকার রপ্তানি আয় হচ্ছে। তবে অনেক শিল্পপার্ক এখনো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না এবং কিছু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতাও রয়েছে।
মন্ত্রী জানান, এ বিষয়ে সরকার একটি জরিপ পরিচালনা করছে এবং শিল্পপার্কগুলোর সক্ষমতা বাড়াতে দ্রুত পরিকল্পনা নেওয়া হবে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন মানে হলো দেশের বৃহৎ জনগোষ্ঠীকে অর্থনীতির সঙ্গে যুক্ত করা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করা।