পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া ডিআইজি কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে তিন জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এতে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে আর ডিএমপির উপ-কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।