দেশের সাংবাদিকদের সরকারি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, নবায়ন এবং এ-সংক্রান্ত অভিযোগ ও জটিলতা নিষ্পত্তির লক্ষ্যে ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব ও দৈনিক দিনকালের সম্পাদক আতিকুর রহমান রুমন। একই সঙ্গে পূর্বে গঠিত সব প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি বাতিল করা হয়েছে।
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ অনুযায়ী গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধান তথ্য অফিসারকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজডটনিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।
এছাড়া সরকারি সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।
নবগঠিত কমিটি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু ও নবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগের শুনানি এবং নিষ্পত্তির দায়িত্ব পালন করবে। পরিবর্তিত বাস্তবতায় প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের বিষয়ে সরকারকে সুপারিশ করার ক্ষমতাও থাকবে এই কমিটির।