সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল সোমবার রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদক ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে চোরাচালান চক্রের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।