দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ ও ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আসমা আকতার, তাহমিনা আক্তার, ঐশী তাবাসসুম ও মো. দেলোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসমা উল হুসনা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না, রোপিত গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।