২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কোথায় নেইমার জুনিয়র—এ প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এই তারকা ফুটবলারের মাঠে ফেরার বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া নেই।
আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমারের খেলা নিয়ে রয়েছে সংশয়।
দলীয় অনুশীলনে তাকে না দেখা যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। সর্বশেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচেও তিনি মাঠে নামেননি।
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন উদযাপনের সময়ও দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন নেইমার। বিষয়টি নিয়ে কোচিং স্টাফ বা সতীর্থদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, গত মে মাসের মাঝামাঝি সময়ে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় তিনি গ্রেড-টু মাংসপেশির ইনজুরিতে পড়েন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরার লক্ষ্যেই তাকে দলে রাখা হয়েছিল।
তবে এখনো মাঠের অনুশীলনে না ফেরায় ধারণা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে নাও পাওয়া যেতে পারে। শুধু প্রথম ম্যাচ নয়, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।