উত্তর আমেরিকায় চলমান ২০২৬ সালের ২০২৬ ফিফা বিশ্বকাপে যাতায়াত খরচের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে যখন সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন ভিন্ন এক নজির গড়ল জার্মানি জাতীয় ফুটবল দল।
দলের খেলোয়াড়রা নিজেদের অর্থায়নে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ৬০০ জার্মান সমর্থকের সম্পূর্ণ যাতায়াত খরচ বহনের ঘোষণা দিয়েছেন।
আগামী ২৫ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘ই’ এর ম্যাচে ইকুয়েডর-এর মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচকে ঘিরে নিউইয়র্ক থেকে নিউ জার্সি পর্যন্ত যাতায়াত ব্যবস্থায় অতিরিক্ত ভাড়া নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
শুরুতে সেন্ট্রাল নিউইয়র্ক থেকে স্টেডিয়ামে যাওয়ার ট্রেন ভাড়া ১২.৯০ ডলার থাকলেও তা এক পর্যায়ে ১৫০ ডলারে পৌঁছায়। পরে জনরোষের মুখে কমিয়ে ৯৮ ডলার করা হয়। একই রুটে শাটল বাসের ভাড়াও ৮০ ডলার থেকে কমিয়ে ২০ ডলারে নামানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যাতায়াত খাতে ভর্তুকি না দেওয়ায় এই অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে জার্মান দলের অধিনায়ক জোশুয়া কিমিচ ও সতীর্থরা সিদ্ধান্ত নেন সমর্থকদের পাশে দাঁড়ানোর। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়, পুরো যাতায়াত খরচ দলীয় খেলোয়াড়রাই বহন করবেন, যাতে সমর্থকরা নিরাপদে ও স্বস্তিতে ম্যাচে উপস্থিত থাকতে পারেন।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে আয়োজক দেশগুলো সমর্থকদের জন্য অনেক রুটে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত গণপরিবহন সুবিধা দিয়েছিল। তবে এবারের আসরে সেই সুবিধা সীমিত থাকায় সমর্থকদের খরচ বেড়ে যায় কয়েকগুণ।
জার্মান দলের এই উদ্যোগকে ফুটবল মহলে ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিশ্বকাপের উত্তাপের মাঝেও সমর্থক-খেলোয়াড় সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।