এবারের ফিফা বিশ্বকাপ নানা কারণেই ইতিহাসের পাতায় বিশেষ জায়গা করে নিতে যাচ্ছে। প্রথমবারের মতো তিনটি দেশ- মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করেছে ফুটবলের সবচেয়ে বড় আসর। তবে এটিই একমাত্র নতুনত্ব নয়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রথম ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্রেও আয়োজন করা হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানের সূচনা হবে স্বাগতিক দেশের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে। সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিটি দেশের নিজস্ব পরিচয় যেমন তুলে ধরা হবে, তেমনি উদযাপন করা হবে বিশ্বকাপের বৈশ্বিক ঐক্যও।
প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ১১ জুন রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে সেই আয়োজন। এরপর ১২ জুন রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় ও শেষ উদ্বোধনী আয়োজন হবে ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে।
বিশ্বজুড়ে জনপ্রিয় অনেক শিল্পী এই তিন অনুষ্ঠানে অংশ নেবেন। মেক্সিকোর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন শাকিরা। কানাডার অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত শিল্পী নোরা ফাতেহি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন মার্কিন পপ তারকা কেটি পেরি। বিশেষ আকর্ষণ হিসেবে টরন্টোর অনুষ্ঠানে মঞ্চে উঠবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব।
ফিফা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপকে কেবল ফুটবলের টুর্নামেন্ট হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক উৎসব হিসেবেও গড়ে তুলতে কাজ করছে। সেই লক্ষ্যেই ২০২১ সালে চালু করা হয় ‘ফিফা সাউন্ড’ উদ্যোগ। ফিফার ভাষ্য অনুযায়ী, ফুটবল ও সংগীত এই দুই বৈশ্বিক আবেগকে একসঙ্গে যুক্ত করাই এর উদ্দেশ্য।
বিশ্বকাপ শুরুর আগের সন্ধ্যাতেই মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। সেখানে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় তারকারা। তালিকায় রয়েছেন কেটি পেরি, আলানিস মরিসেট, ফিউচার, আনিত্তা, লিসা, রেমা এবং ভেজেড্রিম।
বিশ্বকাপের অফিসিয়াল সংগীত নিয়েও রয়েছে বিশেষ আয়োজন। ২০১০ বিশ্বকাপের ঐতিহাসিক ‘ওয়াকা ওয়াকা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন তোলা শাকিরা এবারও ফিফার অফিসিয়াল অ্যান্থেমে কণ্ঠ দিয়েছেন। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়কে সঙ্গে নিয়ে তিনি গেয়েছেন নতুন গান ‘দাই দাই’। ল্যাটিন পপ ও আফ্রোবিটসের মিশেলে তৈরি এই গানটি বিশ্বকাপের ১৮ ট্র্যাকের অফিসিয়াল অ্যালবামের অংশ।
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয়ের পাশাপাশি থাকবেন জে বালভিন, মানা, বেলিন্দা, আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং আরও অনেক শিল্পী। ফিফা জানিয়েছে, মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী শিল্পকলাও অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হবে।
কানাডার অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, নোরা ফাতেহি, সঞ্জয় দেবসহ আরও অনেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে কেটি পেরির পাশাপাশি মঞ্চ মাতাবেন ফিউচার, আনিত্তা, লিসা, রেমা এবং টাইলা।