অপেক্ষার পালা প্রায় শেষ, আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্বকাপের পর্দা উঠছে। এবার একদিন নয়, তিন দেশে দুই দিনে হবে উদ্বোধনী আয়োজন। এই উৎসবে সংগীত পরিবেশনা আলাদা মাত্রা যোগ করবে। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্কের লিসা থেকে শুরু করে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়—অনেকেই থাকছেন এই জমকালো উদ্বোধনী পর্বে।
মেক্সিকো সিটি (১১ জুন)
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। সেখানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পারফরম্যান্স এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পের মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হবে।
‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। “ডাই ডাই” শব্দের অর্থ “চলো”। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও গান গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের পরিবেশনাও থাকবে। তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এছাড়া দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলাও অংশ নেবেন।
মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, অনুমোদিত গণমাধ্যমকর্মী ও নির্ধারিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।
টরন্টো (১২ জুন)
এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে টরন্টোতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
এই আয়োজনে সংগীত ও পারফরম্যান্সের মাধ্যমে কানাডার বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।
লস অ্যাঞ্জেলেস (১২ জুন)
এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা।