২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীসহ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির হিসাবধারীরা এ নিয়মের বাইরে থাকবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থী, সরকারি ভাতা গ্রহণকারী এবং সরকারি গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বাধ্যবাধকতার আওতায় আনা হবে না।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থী হিসাব, সীমিত সেবা ভিত্তিক হিসাব এবং সরকারি গেজেটের মাধ্যমে কর শনাক্তকরণ নম্বর গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি ছাড়া অন্য সব ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় কর শনাক্তকরণ নম্বর সনদ দাখিল করবেন।
এদিকে কর ফাঁকি রোধ ও রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং ব্যবস্থা, ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে।