ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক মোহাম্মদ আশরাফুল আলম এখন থেকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে অংশ নিতে পারবেন। পাশাপাশি তিনি ব্যাংকের দৈনন্দিন ও কৌশলগত কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংককে প্রতিবেদন দেবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ব্যাংকের কার্যক্রমে আস্থা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।