দেশজুড়ে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সূচিতে নতুন পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবা (১১ জুন) থেকেই সারাদেশে দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয় আজ থেকেই দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী দেশের সব বিপণিবিতান, শপিংমল ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।
এর আগে জ্বালানি সংকট ও বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে দোকানপাট ও শপিংমল বন্ধের সময় একাধিকবার পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ সময়ে সন্ধ্যা ৭টা বা ৮টা পর্যন্ত সীমিত সময় খোলা রাখার নিয়ম কার্যকর ছিল। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তও দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন, এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কার্যক্রমে গতি ফিরবে।