দেশের যোগাযোগ অবকাঠামো খাতে বড় ধরনের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। প্রস্তাব অনুযায়ী, এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা দেশের সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব পেশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সে তুলনায় আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই বরাদ্দ বৃদ্ধির ফলে দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি পণ্য পরিবহনের ব্যয় কমে আসবে এবং অবকাঠামোগত দক্ষতা বাড়বে।