রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসকের বিদেশ সফরের আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। একই প্রস্তাবে সংস্থাটির বিদ্যুৎ বিভাগের একজন নির্বাহী প্রকৌশলীর ফ্রান্স সফরের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো একটি সারসংক্ষেপের ওপর মন্তব্য করে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের বিদেশ সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল।
সফরের প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী মত দেন যে, স্ট্রিট লাইটিং বা বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে প্রকৌশলগত জ্ঞান অর্জন করলে তা সরাসরি সিটি করপোরেশনের কাজে লাগবে। সে কারণে সংশ্লিষ্ট প্রকৌশলী কর্মকর্তার সফর যৌক্তিক হলেও প্রশাসকের অংশগ্রহণ প্রয়োজনীয় নয় বলে মত দেওয়া হয়।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি নির্ভর উন্নয়ন প্রকল্পে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরাসরি বিশেষজ্ঞ ও কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে।
এর আগে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যবেক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও নাকচ হয়েছিল বলে জানা যায়।