রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধনে স্বাস্থ্যখাতে যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন।
রবিবার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যখাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত না রেখে বরং দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা তিনি “ফ্যাসিবাদী নীতি” হিসেবে আখ্যায়িত করেন।
সেলিম উদ্দীন আরও বলেন, যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের উপেক্ষা করে অযোগ্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলে স্বাস্থ্যখাত আরও সংকটে পড়বে। অতীতে যারা জনগণের ওপর জুলুম করেছে এবং স্বাস্থ্যখাতকে দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, শহীদদের রক্ত ও গণ-অভ্যুত্থানের পর দেশে আর কোনোভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল বিভাগের থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান বলেন, উন্নত দেশগুলোতে স্বাস্থ্যখাতে মোট বাজেটের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও বাংলাদেশে তা মাত্র ২ থেকে ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। তাঁর মতে, জিডিপির অনুপাতে এই বরাদ্দ এক শতাংশেরও নিচে, যা একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গঠনের জন্য যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও উন্নত জাতি গঠনের জন্য জনগণের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল পথে ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।