অঙ্গ-সহযোগী সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বিএনপি

সোহাগ রাসিফ

রাজনীতি

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি।একদিকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও

2026-06-06T12:32:16+00:00
2026-06-06T13:52:41+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
অঙ্গ-সহযোগী সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বিএনপি
সোহাগ রাসিফ
শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। 

একদিকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সরকার পরিচালনা, অন্যদিকে সাংগঠনিকভাবে দলের ভীত মজবুত করা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলটির হাইকমান্ড তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছে।

এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন ও ডিসেম্বরে দলের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই মেয়াদোত্তীর্ণ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন ও পূর্নাঙ্গকরনের চিন্তা করছে হাইকমান্ড। 

ইতোমধ্যে গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

গত মাসে বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকাসহ নানা পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির জাতীয় কাউন্সিল: ২০১৬ সালের মার্চ মাসে বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও গত এক দশকে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দলের ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছেন। 

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস অথবা ২০২৭ সালের ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই এই জাঁকজমকপূর্ণ কাউন্সিল সম্পন্ন হবে। কাউন্সিলের আগেই অঙ্গসংগঠনগুলোর নতুন কমিটি গঠন করা হলে মূল দলের কাউন্সিলে নেতৃত্বের নতুন মেরুকরণ সহজ হবে। 

বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টিরই মেয়াদ নেই। দীর্ঘদিন একই নেতৃত্বে থাকায় অনেক ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব কমে আসছে, কর্মীদের মাঝে ক্ষোভ-হতাশা বাড়ছে। 

গত বৃহস্পতিবার বিএনপির অন্যতম প্রধান শক্তিশালী অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রেখে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। 

প্রায় দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি পাওয়ায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, সামাজিক সাংস্কৃতিক সংস্থা, কৃষক দল, তাঁতী দল, ওলামা দল, মৎস্যজীবী দলের কমিটি গঠনে নজর বাড়াচ্ছে বিএনপির হাইকমান্ড।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, তারেক রহমান চাচ্ছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে ত্যাগী, যোগ্য এবং দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে সক্রিয় তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে। বিশেষ করে যারা বিগত ১৭ বছর হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, তাদের মূল্যায়ন করা হবে।

যে কোনো সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি: বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কমিটির দুই বছরের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ইতোমধ্যে সংগঠনের একটি খসড়া তালিকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে জমা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় নতুন কমিটির নাম ঘোষণা করতে পারেন। 

জাতীয় নির্বাচনের পূর্বে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের আশানুরূপ ফলাফল না আসায় সংগঠনটিকে ঢেলে সাজানোর দাবি উঠেছিল। তৃণমূল পর্যায়ে ছাত্রদলের ৪৫টির বেশি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হলেও নোয়াখালী, রাঙামাটি ও বরিশালে পদবঞ্চিতদের বিক্ষোভ ও অভ্যন্তরীণ কোন্দল কেন্দ্রীয় নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। 

বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানিয়েছেন, তিনি দ্বিতীয় মেয়াদে নেতৃত্বে থাকতে চান না এবং মূল দলের রাজনীতিতে সক্রিয় হতে আগ্রহী।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজীব আহসান বর্তমানে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সংসদীয় ও সরকারি কাজের ব্যস্ততার কারণে তারা ইতোমধ্যে দলীয় পদ থেকে অব্যাহতির ইচ্ছা প্রকাশ করেছেন। 

জানা গেছে, সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই মাসেই স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা আসতে পারে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন সংগঠনকে আরও ‘সেবামুখী’ করার এবং দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার।

সরকার পরিচালনার পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে তারেক রহমানের এই সাংগঠনিক সংস্কার প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন কর্মীরা। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলের ভিত মজবুত করা এখন বিএনপির প্রধান অগ্রাধিকার। 

রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন হলে বিএনপি কেবল সরকারেই নয়, রাজপথের রাজনীতিতেও এক অপরাজেয় শক্তিতে পরিণত হবে। এই পুনর্গঠন প্রক্রিয়া বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: