চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ–এর নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ এলাকার বিদ্যুৎ ভবনের সামনে “বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর” ব্যানারে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
প্রায় ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শিশু মৃত্যুর ঘটনা, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা লেখা ছিল। বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছে তারা সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
এটি চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৃতীয় ঝটিকা মিছিল বলে জানা গেছে। এর আগে বুধবার নগরের অনন্যা আবাসিক এলাকায় এবং সোমবার জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক মিছিল করে।
এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানিয়েছেন, আগ্রাবাদে হওয়া মিছিলের ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।