
বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে কথিত ‘পুশইন’ বা মানুষকে জোরপূর্বক সীমান্ত পেরিয়ে পাঠানোর অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
দেশটির দাবি, অবৈধভাবে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে তারা নিজস্ব আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নিচ্ছে।
শুক্রবার (৫ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে থাকে।
তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশের কাছে পাঠানো কিছু ব্যক্তির পরিচয় যাচাইয়ের বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। এ কারণে ওই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করছে নয়াদিল্লি।
অন্যদিকে, বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে পুশ-ইনের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বাহিনী ও কর্তৃপক্ষ নিজ নিজ অবস্থান তুলে ধরছে।
সূত্র: দ্য স্টেটসম্যান