আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পড়ার পর পানির অভাব ও তীব্র গরমে অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মরুভূমির দুর্গম এলাকায় কয়েকদিন আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নাইজারের আগাদেজ অঞ্চলের প্রশাসন জানিয়েছে, নিহতরা প্রতিবেশী দেশ মালিতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ট্রাকে করে নিজ এলাকায় ফিরছিলেন। যাত্রাপথে তাদের বহনকারী যানবাহনটি মরুভূমির মধ্যে বিকল হয়ে যায়। প্রচণ্ড তাপমাত্রা ও পানির সংকটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্র অনুযায়ী, ট্রাকটি সচল করার জন্য কয়েকদিন চেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে খাবার পানি ফুরিয়ে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তীব্র গরম ও পানিশূন্যতায় একে একে বহু যাত্রী মারা যান।
এই দুর্ঘটনা থেকে মাত্র দুজন জীবিত উদ্ধার হন। তারা দীর্ঘ পথ হেঁটে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে ঘটনাটি জানান। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আশপাশ থেকে মরদেহগুলো উদ্ধার করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম মরুভূমি এলাকায় নিহতদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটি নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল, যার ফলে যাত্রীরা আরও বড় বিপদের মুখে পড়েন।
এদিকে উদ্ধার অভিযানের সময় মরুভূমির অন্য একটি এলাকায় বিকল হয়ে আটকে থাকা আরেকটি যাত্রীবাহী ট্রাকের সন্ধান পায় উদ্ধারকারী দল। সেখানে থাকা ৬০ জনের বেশি যাত্রীকে পানি সরবরাহ করা হয় এবং যানবাহনটি মেরামতের ব্যবস্থা করা হয়।
স্থানীয় প্রশাসনের মতে, সাহারা মরুভূমির এই রুটটি অভিবাসনপ্রত্যাশী ও সীমান্ত অতিক্রমকারী যাত্রীদের জন্য বহুল ব্যবহৃত হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক এই ঘটনা মরুভূমি পাড়ি দেওয়ার সময় যাত্রীদের নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।