ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক খোলা চিঠিতে তিনি আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান খুঁজে বের করার আহ্বান জানান এবং দ্রুত একটি বৈঠকের তারিখ নির্ধারণের প্রস্তাব দেন।
বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত ওই চিঠিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরাসরি সংলাপে প্রস্তুত। একই সঙ্গে আলোচনার সময় পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতেও কিয়েভ রাজি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি এর আগেও একাধিকবার পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন। তার মতে, দুই দেশের মধ্যে ভূখণ্ডসংক্রান্ত জটিলতা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান কেবল শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমেই সম্ভব।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য পুতিন-জেলেনস্কি বৈঠককে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই নেতা আলোচনায় বসলে যুদ্ধ সমাধানের পথ আরও সুগম হতে পারে। একই সঙ্গে তিনি উভয় পক্ষকে সমঝোতার জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন এখনো জেলেনস্কির চিঠি দেখেননি। তবে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় মস্কো সফর করতে পারেন। যদিও জেলেনস্কি তার চিঠিতে মস্কো সফরের বিষয়ে অনাগ্রহের ইঙ্গিত দিয়েছেন।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে শান্তি আলোচনার জন্য বেশ কিছু শর্ত দিয়ে আসছে। মস্কোর দাবি, পূর্বাঞ্চলীয় দনবাস থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার শান্তি আলোচনার অন্যতম পূর্বশর্ত। তবে অঞ্চলটির উল্লেখযোগ্য অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলার মধ্যেও কূটনৈতিক উদ্যোগের এই নতুন বার্তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আগে দুই দেশের অবস্থানের বড় ধরনের পার্থক্য দূর করা এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।