ভারতের তামিলনাড়ু বিজেপির সাবেক রাজ্য সভাপতি কে আন্নামালাই দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই তিনি নতুন রাজনৈতিক আন্দোলন ও দল গঠনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৫ জুন) এক ভিডিও বার্তায় আন্নামালাই জানান, তিনি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, যার মাধ্যমে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। আপাতত এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘আন্নামালাই মাক্কাল ইয়াক্কাম (AMI)’।
তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক আন্দোলন শুরু করব। আগামী নির্বাচনে অংশ নিতে হবে, তাই এখন থেকেই প্রস্তুতি দরকার।
আইপিএস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে কঠোর ভূমিকার জন্য তিনি ‘সিংহাম’ নামে পরিচিতি পান।
পদত্যাগপত্রে আন্নামালাই উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে দৃষ্টিভঙ্গি ও মতভিন্নতার কারণে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তামিলনাড়ুতে প্রগতিশীল রাজনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আর চাপ সৃষ্টি করতে চান না বলেও জানান।
এছাড়া তিনি দাবি করেন, দলের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পরিষ্কার হয়েছে যে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের অবস্থান এক নয়।
ভারতের অন্যতম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে তামিলনাড়ুতে শক্ত অবস্থানে নিতে আন্নামালাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, রাজনীতি কোনো নির্দিষ্ট পরিবারের সম্পত্তি নয়। স্থায়ী নেতা বা পদাধিকারীর ধারণা ভেঙে সাধারণ মানুষের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন আন্দোলন শুরু করা হচ্ছে।