খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার (নানী ও দুই নাতি হত্যা) মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ জুন) সকালে র্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য জানায়।
রফিক হাওলাদার দৌলতপুর থানার বাসিন্দা মো: আলমগীর হাওলাদারের ছেলে।
র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানি এবং র্যাব-৮ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম এবং তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শিশু দুটির সৎ বাবা পলাতক ছিলেন। এরপর থেকে রফিক হাওলাদারের দিকে সন্দেহের তীর যায়।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও উন্নত প্রযুক্তির সহায়তায় র্যাব-৬ তাকে শনাক্ত করে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।