আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উদ্যোগে ‘স্বাস্থ্য খাতের বাজেট’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আসছে বাজেটে এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।”
অর্থ উপদেষ্টা আরও জানান, প্রতিবছর স্বাস্থ্যখাতে বরাদ্দের বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। এ সমস্যা সমাধানে এবার নির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দ রাখা হবে, যাতে অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়।
তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব স্বায়ত্তশাসনের আওতায় কাজ করছে। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছে না।