লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে নির্যাতনের পর নবজাতক যমজ শিশুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে ভুক্তভোগী পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করে বলেন, তার গর্ভবতী স্ত্রী প্রতিবেশী মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও কন্যা মারিয়ার নির্যাতনের শিকার হন। ওই নির্যাতনের ফলে তার স্ত্রীর গর্ভে থাকা যমজ সন্তান আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে অপরিপক্ব অবস্থায় সন্তান দুটির জন্ম হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে উপস্থিত জনতা দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানতে চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।