প্রায় চার মাসের অনিশ্চয়তা, যুদ্ধের শঙ্কা আর হরমুজ প্রণালিতে দীর্ঘ আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা-এর ১৭ বাংলাদেশি নাবিক। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে ১১৫ দিন ধরে আটকে থাকার পর দায়িত্ব হস্তান্তর শেষে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তারা ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে বিকেল ৫টা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নাবিকরা। বিমানবন্দর থেকে তারা নিজ নিজ পরিবারের কাছে ফিরে যান।
দেশে ফেরা নাবিকদের মধ্যে রয়েছেন জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং। তাদের পরিবর্তে নতুন ১৭ জন নাবিক ইতোমধ্যে ডারবানে গিয়ে জাহাজে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন টানা দায়িত্ব পালন ও মানসিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথম ধাপে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ১৪ নাবিক মালয়েশিয়ায় জাহাজ পৌঁছানোর পর দেশে ফিরবেন।
জানা গেছে, কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছানোর পর ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হয়ে ওঠে। নিরাপত্তা ঝুঁকি এবং হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় জাহাজটি প্রায় ১১৫ দিন পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে ছিল।
পরে গত ২৩ জুন হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি ফুজাইরাহ বন্দরে পৌঁছায়। সেখানে প্রয়োজনীয় জ্বালানি গ্রহণ ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে যায়। বর্তমানে জাহাজটি পরবর্তী পণ্যবোঝাই শেষে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয় ৩৯ হাজার টন ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা। চীনের সহায়তায় নির্মিত জাহাজটি বর্তমানে বিএসসির আন্তর্জাতিক পণ্য পরিবহনে ব্যবহৃত অন্যতম প্রধান জাহাজ।