আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা এ সংসদ সদস্য বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে মারা যান।
স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিসে ফোন করলে মিজানুর নামে একজন বলেন, ভোরে এ. কে. এম রহমতুল্লাহ মারা গেছেন। সকালেই পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।
এ. কে. এম রহমতুল্লাহর ভাগিনা ফারুক হোসাইন বলেন, আজ রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকাল ৪টায় রেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে বলেও জানান ফারুক।
সাবেক এই সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
৬ বারের এই সংসদ সদস্য ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-৫ সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন।