শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় অডিও বার্তা ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অথচ এ বিষয়ে ভারত কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা প্রচার এবং বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া দেশটির অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তার দাবি, একজন পলাতক আসামির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে ছাত্র-জনতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ থেকেই জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংঘটিত হয় বলে মন্তব্য করেন তিনি।
ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘যদি সত্যিই সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে অবস্থান থাকে, তাহলে অন্য দেশের একজন পলাতক আসামির ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা উচিত। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত দ্বিমুখী আচরণ করছে।’
তবে রিজভীর এসব বক্তব্যের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।