ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং। শনিবার (৩০ মে) তিনি বিহারের বুদ্ধগয়ায় পৌঁছালে ভারতীয় কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, এই সফর ভারত ও মিয়ানমারের দীর্ঘদিনের আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বিমানবন্দরে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে অভ্যর্থনা জানান বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন। সফরের শুরুতেই তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ‘মহাবোধি মন্দির’ পরিদর্শন করেন।
৩০ মে থেকে ২ জুন পর্যন্ত চলমান এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন মিয়ানমারের মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বর্তমান প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম ভারত সফর।
সফরের অংশ হিসেবে আগামী ১ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মিন অং হ্লাইং। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি একটি বিশেষ ব্যবসায়িক ফোরামেও অংশ নেবেন।
সফরের শেষ দিনে, ২ জুন, ভারতের বাণিজ্যিক রাজধানী নয়াদিল্লিতে শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট বৈঠক, ব্যবসায়িক আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের মাধ্যমে সফর শেষ করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট।
সূত্র: উইয়ন নিউজ