কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ রেলওয়ে। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা-এ চলছে ১২৭টি যাত্রীবাহী কোচ মেরামতের কাজ।
গত ঈদুল ফিতরে ১০৬টি কোচ রেল বহরে যুক্ত করা হলেও এবার তা বাড়িয়ে ১২৭টি করা হচ্ছে। এসব কোচ ঈদের বিশেষ ট্রেন ও বিভিন্ন আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে, যাতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া যায়।
কারখানায় গিয়ে দেখা গেছে, শ্রমিকরা দিনরাত নিরলস পরিশ্রম করে কোচগুলোর বগি মেরামত, যান্ত্রিক ত্রুটি পরীক্ষা, ঝালাই, রঙ করা ও প্রয়োজনীয় সংস্কারকাজ চালিয়ে যাচ্ছেন। কেউ পুরোনো রঙ তুলে নতুন রঙ করছেন, আবার কেউ যান্ত্রিক অংশের ত্রুটি সারাতে ব্যস্ত।
রেলওয়ে সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানাটি প্রতি বছর দুই ঈদে অতিরিক্ত যাত্রীসেবার জন্য কোচ মেরামতের কাজ করে থাকে। তবে এবার জনবল ও কাঁচামালের সংকটের মধ্যেও শ্রমিক-কর্মচারীরা বাড়তি উদ্যোগ নিয়ে ১২৭টি কোচ প্রস্তুতের কাজ করছেন।
কারখানায় বর্তমানে দুই হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। তারপরও সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শপে চলছে মেরামতকাজ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ১২৭টি কোচ রেল বহরে যুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারখানার ক্যারেজ শপের ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, জনবল সংকট থাকলেও মানুষের ঈদযাত্রাকে গুরুত্ব দিয়ে শ্রমিকরা দিনরাত কাজ করছেন। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি ২৮টি কোচ আগামী শনিবারের মধ্যে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।