পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যের অপসারণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। একইসঙ্গে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।
১৮ মে (সোমবার) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা উপাচার্যের দ্রুত অপসারণ, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক ও কর্মকর্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।
জানা যায়, গত ১১ মে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মধ্যে স্থানীয় যুবদলের হামলায় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন। এরপর থেকেই ক্যাম্পাসে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”