জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, `আজ থেকে তার সাজা খাটা শুরু হলো। এখন রায়ের সার্টিফাইড কপি পেলে তিনি আপিল করতে পারবেন।‘
গতকাল শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে তাকে আটক করে পুলিশ। পরে রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।