বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে খোবাইব নামে এক তরুণকে হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, এ মামলায় জামিন পাওয়ায় খায়রুল হকের মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত ২১ জুন একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে মঙ্গলবার আদালত তাকে জামিন দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ একই বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।