জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদালত একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সঙ্গে মামলার অপর এক আসামির বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে বলা হয়, ইনুর বিরুদ্ধে আনা মোট আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হলে শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলায় সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর গত ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইনুকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ৮৭টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও রয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।