জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ইমরান হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর পাঁচবিবি থানা পুলিশ মাদক উদ্ধারের ঘটনায় ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।