পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির একটি জীবিত অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় ফটোগ্রাফার সাইফুর ইসলাম কচ্ছপটিকে দুর্বল অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)–কে জানালে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
পরিবেশকর্মীরা জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ বা Olive Ridley Sea Turtle প্রজাতির। প্রায় ৩৫ কেজি ওজনের এ কচ্ছপ সাধারণত উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র অঞ্চলে বিচরণ করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ International Union for Conservation of Nature এ প্রজাতিকে ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সৈকতে হাঁটার সময় ঢেউয়ের ধাক্কায় কচ্ছপটিকে তীরে উঠে আসা অবস্থায় দেখা যায়। পরে সেটিকে নিরাপদ স্থানে নেওয়া হয়। খবর পেয়ে উপরা’র সদস্যরা সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের অবহিত করেন।
উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, এটি সম্ভবত একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত গ্রীষ্মকালে স্ত্রী কচ্ছপ ডিম পাড়ার জন্য নিরিবিলি উপকূলে চলে আসে। তার ধারণা, ডিম দেওয়ার উদ্দেশ্যেই কচ্ছপটি কুয়াকাটা উপকূলে এসেছে।
তিনি আরও জানান, কচ্ছপটি বেশ দুর্বল ও ক্লান্ত ছিল। মাছ ধরার জালে আটকে আঘাত পাওয়া, দীর্ঘসময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বর্তমানে কচ্ছপটিকে নিরাপদ স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়াকাটা বন বিভাগের কর্মকর্তা মো. রুবেল বলেন, অলিভ রিডলি কচ্ছপ উপকূলীয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়দের দ্রুত তথ্য দেওয়ার কারণে প্রাণীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কচ্ছপটিকে সুস্থ হলে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।
পরিবেশকর্মীরা বলছেন, সমুদ্রে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, জলদূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবাধ মাছ শিকারের কারণে সামুদ্রিক কচ্ছপের আবাস ও প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই এ ধরনের বিরল প্রাণী সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।