সময় এখন নাহিদ রানার। বল হাতে দুর্দান্ত সময় পার করছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রীতিমতো আগুন ঝড়িয়েছেন এই টাইগার পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ।
গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে খেলে তিনি উইকেট নেন ৮টি। ওই পারফরম্যান্সই তাঁকে মাসসেরা বানিয়েছে।
এই সিরিজের আগে ও পরেও নাহিদ রানা পারফর্ম করেছেন । গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি ৮ উইকেট নিয়েছিলেন। এরপর সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। নেন ৪০ রানে ৫ উইকেট।
নাহিদ রানা এই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন। গত বছরের এপ্রিলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারটি জিতলেন নাহিদ রানা। তাঁর আগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এই স্বীকৃতি পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (২ বার) ও মেহেদী হাসান মিরাজ।
মাসসেরা নাহিদ রানা বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। এটি দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং এই সিরিজটি আমি সব সময় মনে রাখব।’
সেই সিরিজে নাহিদ রানার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ৬৫ রান খরচায় নেন ১ উইকেট। তবে দ্বিতীয় ওয়ানডেতেই তিনি ঘুরে দাঁড়ান এবং ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট।
এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে তিনি প্রথমবার ৫ উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে নাহিদ রানা নেন ২ উইকেট। সিরিজসেরা খেলোয়াড়ও হন এই ফাস্ট বোলার।
মেয়েদের মাসসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।